গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরো ৩২টি পরিবার
- আপডেট সময় : ০৫:২৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২ ৩৯৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি জমি দখল করে গড়ে তোলা ইটভাটা অপসারণের পর উদ্ধার হওয়া ১০৪ শতক জমিতে নির্মাণ হচ্ছে দুঃখী মানুষের স্বপ্নের আবাস। স্থানটি ১৮ বছর ধরে অবৈধ দখলে ছিল। প্রধানমন্ত্রীয় আশ্রয়ণ প্রকল্পের আওতায় এলাকার ৩২টি গৃহহীন পরিবার বসবাসের জন্য নির্মাণ হচ্ছে পাকাঘর। প্রকল্প এলাকার পাশেই রয়েছে পাকা সড়ক, স্কুল-কলেজ ও হাট-বাজার। এত সুবিধা থাকায় বেশ খুশি সুবিধাভোগীরা।
গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের প্রায় ১০৪ শতক সরকারি খাসজমি দখল করে আবু রায়হান নামে এক ব্যক্তি। ১৮ বছর ধরে জায়গাটি দখলের কবলে ছিল। সম্প্রতি উপজেলা প্রশাসন বেদখল হওয়া জমিতে গৃহনির্মাণ প্রায় শেষ করেছে। এখন চলছে বিদু্যৎ সংযোগসহ শেষ মুহূর্তের কাজ। ৩২টি পরিবারের ঘর নির্মাণে প্রায় ৯০ লাখ টাকা ব্যয় হচ্ছে। ঘরের সামনে রয়েছে গাছ লাগানোর জায়গা ও হাঁটাচলার সড়ক। রয়েছে সভা-সেমিনার করার উন্মুক্ত স্থান। সামান্য দূরেই ফাঁসিতলা বাজার সেখানে স্কুল-কলেজ রয়েছে। আর অসুখ-বিসুখে গোবিন্দগঞ্জ হাসপাতালে আসতে পারবে মহাসড়ক ধরে।
ইতোমধ্যে কয়েকটি পরিবার তাদের নির্ধারিত ঘরে থাকতে শুরু করেছেন। এদের একজনের নাম মরিয়ম বেওয়া। আগে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে থাকতেন। পাকা ঘর পেয়ে কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
বৃদ্ধ জব্বার সরকার জানান, সারাজীবন এক শতক জায়গাও কিনতে পারেননি অন্যের জায়গায় কুঁড়ে ঘরে থাকতেন, এখন পাকাঘর পেয়ে এই সরকারকে ধন্যবাদ জানান।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুল্যাহ-বিন-শফিক এই প্রকল্প এলাকা পরিদর্শন শেষে জানান, ঘরবাড়িগুলো খুব দ্রম্নত সুবিধাভোগী গৃহহীন ও ভূমিহীন ৩২ পরিবারের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে।












