বিদ্যালয়ের শ্রেনী কক্ষে নির্মাণ সামগ্রী,পাঠদান ব্যাহত
- আপডেট সময় : ১০:৫১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ ৩১৯ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ২৩ নং উত্তর পাতাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে নির্মাণাধীন নতুন ভবনের নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। একটি কক্ষে রড সিমেন্ট রাখা হয়েছে। আরেকটি কক্ষে নির্মাণ শ্রমিকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ঠিকাদারারের লোকজনের দাবি,প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই এগুলো রাখা হয়েছে। তবে এতে পাঠদান ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিরাজ মৃধা।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের সামনে বালু রাখা।বালু গড়িয়ে শ্রেনী কক্ষ পর্যন্ত চলে গেছে। কক্ষ সংকটে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর ক্লাস নেওয়া হয় একটি কক্ষে। সে কক্ষটিতে সিমেন্ট ও রড রাখা হয়েছে। বারান্দায় রাখা হয়েছে কাঠ।আর প্রাক প্রাথমিকের ক্লাসে করা হয়েছে নির্মাণ শ্রমিকদের থাকার ব্যবস্থা।একাধিক বেঞ্চ মিশিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী খাট।প্রায় ১ কোটি টাকা ব্যায়ে নির্মাণাধীন দোতলা এ স্কুল ভবনটিতে ১ মাস ধরে কাজ চলমান আছে।কাজ সম্পন্ন করতে আরও ৬ মাস সময় লাগতে পারে।
ঠিকাদারি প্রতিষ্ঠান শিপলু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ নাজমুল সাকিব শিপলু জানান,কাজটি আমার লাইসেন্সের।তবে এ কাজের সাব ঠিকাদার কামাল খান ও মিঠু মজুমদার। নির্মাণ সামগ্রী কোথায় রাখা হয়েছে তা আমার জানা নেই।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি এবং বরিশাল বিভাগীয় উপপরিচালক মিজ নিলুফার ইয়াসমিন জানান,বিদ্যালয়ের শ্রেনী কক্ষে নির্মাণ সামগ্রী রাখা যাবে না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান জানান,সংশ্লিষ্ট ঠিকাদার নিজস্ব ব্যবস্থাপনায় বিকল্প স্থানে শেড তৈরি করে নির্মাণ সামগ্রী রাখার কথা। কোন অবস্থাতেই শ্রেনী কক্ষে নির্মাণ সামগ্রী রাখা যাবে না। শ্রেনী কক্ষে নির্মাণ শ্রমিকরাও থাকতে পারবে না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।












