মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত
- আপডেট সময় : ০৭:৪৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম ফারুক হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ সাময়িক বরখাস্তের বিষয়টি উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসানের বিরুদ্ধে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সরকারি বরাদ্দ গ্রহণ, সরকারি অর্থের অনিয়ম এবং সরকারি কার্যালয়ের সংরক্ষিত ও গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত পেনড্রাইভ অননুমোদিতভাবে নিয়ে যাওয়া এবং এর মাধ্যমে অসাদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
প্রজ্ঞাপনটিতে আরও উল্লেখ করা হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে- সরকার মনে করে। যেহেতু মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম ফারুক হাসান কর্তৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০১৯ এর ৩৪ (৪) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান ২০১১ সালে ৫ নং মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।এরপর ২০১৩ সালে মঠবাড়িয়া পৌরসভার সীমানা বর্ধিতকরণ ও সম্প্রসারনের উদ্যোগ নেওয়া হলে তা নিয়ে হাইকোর্টে রিট মামলা দায়ের করা হয়।এবিএম ফারুক হাসান মামলাটি দায়ের করেন।সীমানা জটিলতা সংক্রান্ত এ মামলার জেরে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কারনে ২০১১ সালের পর দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে মঠবাড়িয়া পৌরসভা ও মঠবাড়িয়া সদর ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় নি। ফারুক হাসান সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে মামলা জটিলতা সৃষ্টি করে আজীবন চেয়ারম্যান থাকার কৌশল অবলম্বন করেন।কিন্তু অনিয়ম, দূর্নীতি ও অসদাচরণের কারনে তাকে ১৫ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফারুক হাসান জানান,আমি আজকেরও পরিষদে অফিস করেছি।সাময়িক বরখাস্ত সংক্রান্ত কোন চিঠি এখন পর্যন্ত হাতে পাইনি।তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখেছি।












