মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় হত্যাচেষ্টা ও মারামারি অভিযোগে করা মামলার প্রথম আসামি মো. রাব্বি শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অগ্রিম জামিনের জন্য গেলে তাকে গ্রেপ্তার করা হয়।রাব্বি শরীফ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই মামলার এজাহারভুক্ত প্রথম আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি রতন মিয়ার বাড়ির সামনে পাকা সড়কের ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই এলাকার রাব্বি শরীফসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করা হয়।মামলার নথি অনুযায়ী,১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬
(২) ধারায় মামলা করা হয়েছে।
এজাহারে বাদী মো. ফারুক হাওলাদার অভিযোগ করেন, পূর্ববিরোধের জেরে আসামিরা পথরোধ করে হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে মারধর ও হত্যার উদ্দেশ্যে আঘাত করার অভিযোগ করা হয়েছে। এতে কয়েকজন আহত হন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া নগদ টাকা ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।
মামলার এজাহারে রাব্বি শরীফ (২৭), সাব্বির হোসেন (২২), সালাম শরীফ (৫০), মো. আবু রহিম (২২) ও রিয়াদুল শরীফ (২৮)-এর নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে আসামিপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম রাব্বি শরীফের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাব্বি শরীফ নামের আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।












