সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় নবনিযুক্ত পৌর প্রশাসককে গণসংবর্ধনা
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১১:৪৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে
পিরোজপুরের সর্ব বৃহত্তর মঠবাড়িয়া পৌরসভার নবনিযুক্ত প্রশাসক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আরিফ উল হককে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। পৌরবাসীসহ উপজেলার বিভিন্ন স্তরের জনগণ গণসংবর্ধনা অনুষ্ঠানকে জনসমুদ্রে পরিণত করে।
গতকাল সোমবার (২৯ মে) বিকাল ৪টা পৌরসভার চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ এ গণসংবর্ধনা দেওয়া হয়। উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস শাহিনের সঞ্চালনায় সাবেক পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা প্রধান অতিথিকে এবং নবনিযুক্ত পৌর প্রশাসককে ফুলের শুভেচ্ছা দিয়ে গ্রহণ করেন।

প্রধান অতিথি মহিউদ্দিন মহারাজ তার বক্তব্যে বলেন, আরিফ উল হক একজন সৎ, নিষ্ঠাবান ও রাজপথ থেকে উঠে আসা পরীক্ষিত এক রাজনীতিবিদ। একজন সংগ্রামী মানুষ। বিভিন্ন সময়ে তার যোগ্যতাকে মূল্যায়ন করা হয়নি। অনেকে তার যোগ্যতাকে ব্যবহার করেছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মূল্যায়ন করে যোগ্য স্থানে বসিয়েছেন।

এ সময় তিনি নবনিযুক্ত পৌর প্রশাসককে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর হিসাবে মঠবাড়িয়া পৌরসভাকে গড়ে তোলার লক্ষ্যে প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণের আহবান জানান।

নবনিযুক্ত পৌর প্রশাসক আরিফ উল হক পৌরবাসীর প্রত্যাশা ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।













