পিরোজপুর-১ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন শ ম রেজাউল করিম
- আপডেট সময় : ০৪:৫৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ৩১৬ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের সফল সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আজ তার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর আগে সকাল দশটায় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেন।
শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট বলরাম পোদ্দারের হাত থেকে শ ম রেজাউল করিমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারই পুত্র ব্যারিস্টার তানভীর করিম রাসেল।
ফরম সংগ্রহকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা জানান, ইনশাআল্লাহ নৌকার প্রার্থীকে বিপুলসংখ্যক ভোটে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীকে এ আসনটি উপহার দেওয়া হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বিগত পাঁচ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় পিরোজপুর-১ আসনে যে উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয়েছে তা বিগত কোন সময় হয়নি, আগামীতেও এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, সাধারণ মানুষই আমার চলার পথের শক্তি। আগামী নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়াই করে এ আসনটি মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।













