এবার পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস পেলেন তারেক রহমান
- আপডেট সময় : ০২:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে দায়ের করা মামলায় বিএনপি নেতা তারেক রহমানকে খালাস দিয়েছেন জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার (১১ ডিসেম্বর) ওই আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন ২০১৪ সালের ২৪ ডিসেম্বর তারিখে দণ্ড বিধি ১২৩ (ক) ধারায় তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান, নিন্দাবাদ ও উসকানিমূলক বক্তব্য রাখার অভিযোগ এনে পিরোজপুর সদর থানায় এ মামলা দায়ের করেন।
১১ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় আদালতের বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগের কোনো উপাদান না থাকায় তাকে অব্যাহতি দেন এবং মামলাটি খারিজ করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মামনুন আহসান।
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন জানান, তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ। দেশে ছাত্র-জনতার বিপ্লবের পর রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এ কারণে আজ তারেক রহমান পিরোজপুরে দায়েরকৃত মিথ্যা মামলায় সম্পূর্ণ খালাস পেয়েছেন এবং মামলাটি খারিজ হয়েছে।













