মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর”
- আপডেট সময় : ১২:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
মুঠোফোন আর সোশ্যাল মিডিয়ার ভিড়ে হারিয়ে যাওয়া বই পড়ার অভ্যাসকে ফিরিয়ে আনতে এবং শিল্প-সাহিত্য চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে মঠবাড়িয়ায় যাত্রা শুরু করেছে ব্যতিক্রমী এক প্লাটফর্ম— ‘পাঠ চত্ত্বর’।
গতকাল শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী কে. এম. লতিফ ইনস্টিটিউশনের পুকুর ঘাটে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসে এই তরুণদের দল।
এলাকার একদল উদ্যমী যুবকের উদ্যোগে গড়ে ওঠা এই আসরে সমাজের সকল স্তরের সাহিত্য ও মুক্তচিন্তার মানুষদের যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, প্রতি সপ্তাহে একদিন নির্দিষ্ট স্থানে বসে বই পাঠ, বই নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, গল্প-আড্ডা ও মুক্তচিন্তার চর্চা হবে।
এখানে যে কেউ এসে নিজের পড়া বই নিয়ে কথা বলতে পারবেন, নিজের লেখা শোনাতে পারবেন।
‘পাঠ চত্ত্বর’-এর এক উদ্যোক্তা/আহ্বায়ক সৌরভ খরাতী বলেন, “আমরা চাই মঠবাড়িয়ার তরুণরা আবার বইমুখী হোক।
ফেসবুক স্ক্রল করার পাশাপাশি এক ঘণ্টা বইয়ের জন্য রাখুক।
এটা কোনো রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক সংগঠন নয়, এটা সব পাঠকের মিলনমেলা।”
গতকালের আসরে উপস্থিত ছিলেন স্থানীয় কয়েকজন শিক্ষক, শিক্ষার্থী, কবি ও সাহিত্যানুরাগী। মনোরম পুকুর ঘাটে বসে বই নিয়ে তাদের প্রাণবন্ত আড্ডা উপস্থিত সকলের নজর কাড়ে।
আয়োজকরা জানিয়েছেন, প্রতি শুক্রবার বিকেলে ‘পাঠ চত্ত্বর’-এর আসর বসবে। সকল বইপ্রেমীকে এই আসরে আমন্ত্রণ জানানো হয়েছে।













