ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান
- আপডেট সময় : ০২:৩৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ার ৬ নং টিকিকাটা ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। স্থানীয় সমাজকর্মী ও ৬ নং টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ রাজার উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে টিকিকাটার বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ স্থান ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর প্রজননস্থল সৃষ্টি হতে পারে—এমন পানি জমে থাকা স্থানগুলো পরিষ্কার করার পাশাপাশি স্থানীয়দের সচেতন করা হয়।
এ সময় রাজু আহম্মেদ রাজা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।”
তিনি আরও বলেন, টিকিকাটাকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।












