মঠবাড়িয়া পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন”আফজাল
- আপডেট সময় : ০১:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন আফজাল।
১৪ বছর পর ঘোষিত তফসিল অনুযায়ী এ পৌরসভায় আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। গত শুক্রবার কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রবীণ এ আওয়ামীলীগ নেতাকে নৌকার মনোনয়ন দেওয়া হয়। এর আগে প্রবীণ এ আওয়ামীলীগ নেতা দু’বার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন।
জানা গেছে, আফজাল হোসেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর তিনি বাকশালের রাজনীতির সাথে যুক্ত হন। বাকশাল বিলুপ্তির পর তিনি আওয়ামীলীগের রাজনীতি করেন। ৯০ দশকে এরশাদ বিরোধি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করায় তিনি জেল জুলুমের শিকার হন। ১৯৯১ সালে স্থানীয় আওয়ামীলীগের কাউন্সিলে তিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। টানা দুইবার এ পদে তিনি দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ২০১৫ সালে মঠবাড়িয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন। তিনি দলের দু:সময়ে একজন ত্যাগী আওয়ামীলীগ নেতা হিসেবে সর্ব মহলে পরিচিত।
উল্লেখ্য , ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি মঠবাড়িয়া পৌরসভা গঠিত হয়। ২০ হাজার ভোটার সংখ্যার এ পৌরসভা ‘ক’ শ্রেণীভূক্ত প্রথম শ্রেণীর পৌরসভা । ২০১১ সালের ১৩ জানুয়ারি সর্বশেষ এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৩ সালে পৌরসভার সীমানা নির্ধারণী মামলার জটিলতায় পরে নির্বাচন স্থগিত হলে কয়েকদফা প্রশাসক নিযুক্ত করে পৌরসভার কার্যক্রম চলে আসছিলো।













