নৌকায় ভোট দিলে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে: শ ম রেজাউল
- আপডেট সময় : ০৫:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে নৌকার প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, নৌকায় ভোট দিলে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবার যদি প্রধানমন্ত্রী হন আর আমি যদি আবার এমপি নির্বাচিত হই, তাহলে এই জনপদে আবারও উন্নয়ন হবে। এখানে কোনও সন্ত্রাস হবে না, মাদক ব্যবসা হবে না ইনশাআল্লাহ।
রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে নির্বাচনি এলাকার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গায় নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শ ম রেজাউল করিম বলেন, আমার দ্বারা রাজনৈতিকভাবে কেউ ক্ষতিগ্রস্ত হননি। টিআরের টাকার এক অংশ কেটে খেতো এমপিরা। আমি একটা পাই-পয়সা কারও কাছ থেকে খাইনি। কারণ ওটা গরিবের, তা আমি খাবো কেন? আমার বাবা আমাদের ভিক্ষুক করে রেখে যাননি।
আমার বাবা একের পর এক জমি বিক্রি করে আমাদের লেখাপড়া করিয়েছেন। কারণ আব্বা বলতেন, বিনিয়োগ করতে হবে সন্তানের পেছনে। এমপির পদ ভেঙে পিরোজপুর-১ আসনের কোথাও অনৈতিক অর্থবিত্ত আমি গ্রহণ করিনি। আমি এমপি হলে আমাকে বাজারঘাটে পাওয়া যাবে। বাসার নিচে বসে থাকতে হবে না।
মন্ত্রী বলেন, আমি বিগত নির্বাচনে যে ওয়াদা আপনাদের করেছিলাম, তা পূরণ করার চেষ্টা করছি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের পরিবারের সদস্য, তাই আগামী নির্বাচনে আপনাদের একটি ভোট যেন নৌকার বাইরে না যায়।
মন্ত্রী বলেন, এ দেশের যত উন্নয়ন হয়েছে, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হয়েছে। বঙ্গবন্ধুকন্যা আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তিনি আমাকে তার প্রতিনিধি করে আপনাদের কাছে পাঠিয়েছেন। তার হাতের সই করা চিঠির মাধ্যমে আমি নৌকার প্রার্থী হয়েছি। তাই আপনাদের ভোট নৌকা মার্কাতেই দিতে হবে। কেননা নৌকা শেখ হাসিনার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, স্বাধীনতার প্রতীক। সবাই নৌকা মার্কায় ভোট দেবেন, অন্য কোনও মার্কায় না।
নির্বাচনি সভায় আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।













