মঠবাড়িয়ায় অবৈধ ইটের পাজা ও অতিরিক্ত কাঠ পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত
- আপডেট সময় : ০৩:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পরিবেশ দূষিত করে অবৈধভাবে দুটি ইটের পাজায় ইট প্রস্তুত করার অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঠবাড়িয়া উপজেলা প্রশাসন অবৈধ ইট প্রস্তুত ও ভাটা স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। যেখানেই অবৈধ ইটের পাজা সেখানেই ভ্রাম্যমাণ আদালত হাজির। গত এক মাসে বিপুল সংখ্যক আইন অমান্য কারীদের অর্থদন্ডাদেশ ও ইটের পাজা বিনষ্ট করে দিয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দাউদখালী ইউনিয়নে বে-আইনীভাবে ইটের পাজা পোড়ানোর প্রস্তুতি গ্রহণ করেছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ আইন ভঙ্গ করার অপরাধে পাঠাকাটা গ্রামের মোশারেফ হাওলাদারের ছেলে মানিক হাওলাদার কে ৩০ হাজার ও একই গ্রামের মৃত সুলতান মল্লিকের ছেলে কবির মল্লিক কে ৩০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। একই সাথে ইটের পাজা বন্ধ করে দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ূম গণমাধ্যমকে জানান, অবৈধ ইট পাজার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা আগামীতেও চলমান থাকবে।













