চা বিক্রেতা হত্যার অভিযোগে র্যাব-৮ এর হাতে আটক কিশোর গ্যাংয়ের সদস্য শাওন ও শাকিল।
- আপডেট সময় : ০৩:৫৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় ফারুক ভূইয়া নামের ষাটোর্ধ্ব চা বিক্রেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বরিশাল র্যাব-৮-এর একটি দল শুক্রবার (১৫ জুন) রাত ২টার দিকে বরগুনা জেলার তালতলী উপজেলার অংকুজানপাড়া ও নিশানবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের এমাদুল হাওলাদারের ছেলে মো. শাওন হাওলাদার (২২) ও একই গ্রামের বাদল মিয়ার ছেলে শাহিন ওরফে শাকিল (১৯)। শনিবার মঠবাড়িয়া থানায় তাদের সোপর্দ করে র্যাব-৮।
র্যাব-৮-এর কর্মকর্তারা জানান, ৩১ মে রাত ১১টার দিকে বৃদ্ধ চা বিক্রেতা মো. ফারুক ভূইয়ার দোকান থেকে বাকিতে সিগারেট নিতে যায় কয়েকজন কিশোর গ্যাং সদস্য । এ সময় তাদের কাছে বকেয়া পাওনা টাকা চাওয়া ও বাকিতে সিগারেট না দেওয়ায় বৃদ্ধের ওপর আক্রমণ করে তারা। গুরুতর আহত অবস্থায় ফারুক ভূইয়াকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ জুন তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব কর্মকর্তারা আরো বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। পরে পুলিশের পাশাপাশি র্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তির সাহায্যে আসামিদের অবস্থান শনাক্ত করে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।













