মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড কবুতরখালী গ্রামের আল আমিন শরীফের মেয়ে এবং ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ফাতিমা আক্তার লামিয়া (১৬) ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২০ জানুয়ারি (সোমবার) আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী এলাকা থেকে সে
নিখোঁজ হয়।এ ঘটনায় ওই ছাত্রীর মা ২২ জানুয়ারি (বুধবার) মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ওই ছাত্রীর পরিবারের দাবি, মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী এলাকার আলকাজ মালের পুত্র ইমাম মাল দীর্ঘদিন ধরে ফাতিমা আক্তার লামিয়াকে উত্যাক্ত করে আসছিল।একপর্যায়ে প্রবাস ফেরত যুবক ইমাম মাল কলেজ থেকে লামিয়াকে তার বাড়িতে নিয়ে যায়।সেখান থেকে আত্মগোপনের চেষ্টা করলে বামনা এলাকা থেকে গভীর রাতে পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় ইমাম মাল পালিয়ে যায়। এর একদিন পর মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে পুনরায় অপহরণ করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৮ ডিসেম্বর মঠবাড়িয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।পিরোজপুর সদর হাসপাতালে ভিকটিমের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মামলা ও জিডির তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব মিয়া জানান, ফাতিমা নামে নিখোঁজ হওয়া ওই ছাত্রীর এখনও কোন সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,নিখোঁজ ওই কলেজ ছাত্রী বিজ্ঞ আদালতের নির্দেশে সেফ হোমে থাকার পর গত বছরের ২৪ ডিসেম্বর অভিভাবকের জিম্মায় আসে।এর এক মাসের মধ্যেই আবার নিখোঁজ হয়েছে।উদ্ধার চেষ্টা অব্যাহত আছে।