পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বী ১৫ জনের জামায়াতে যোগদান
- আপডেট সময় : ০৭:৩৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র, পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদীর আহ্বানে পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বী ১৫ জন ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের আওতায় পিরোজপুর সদর উপজেলার হুলারহাট, পিটিআই, খালিশাখালী, রায়েরকাঠি এবং মরিচাল এলাকায় গণসংযোগ করেন মাসুদ সাঈদী। গণসংযোগ চলাকালে, তার আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষ জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন, যার মধ্যে সনাতন ধর্মাবলম্বী ১৫ জন উল্লেখযোগ্য।
যারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন, তারা হলেন— পিরোজপুর সদর উপজেলার কুন্ড সাহা, বিশ্বজিৎ সাহা, জয় সাহা, সমিরণ দাস, উত্তম কুন্ড, নিতাই কুন্ড, অচিন কুন্ড, সুনীল দাস, বানেশ্বর গ্রামের কৃষ্ণ রায়, কৃষ্ণ কুমার মাঝি, শিকারপুর এলাকার সুকান্ত মিস্ত্রী, কদমতলা এলাকার রতন কুমার শীল, পালপাড়া এলাকার নিতাই মন্ডল, সুকুমার রায়, মনিন্দ্র লাল সাহা এবং রাজারহাট এলাকার জয়দেব মিত্র।
গণসংযোগে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর আমীর মাওলানা ইসহাক আলী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।
গণসংযোগ চলাকালে মাসুদ সাঈদী বলেন,
“লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তোলাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে, প্রথমে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে। তার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের এখন কাজ করতে হবে। যে স্বপ্ন নিয়ে লাখো মানুষ প্রাণ দিয়েছিল, সেই স্বপ্ন পূরণে আমরা কতটা সফল? বৈষম্য এখনও রয়েছে, বিচারহীনতার সংস্কৃতি আমাদের পিছিয়ে দিচ্ছে, এবং ক্ষমতার কেন্দ্রীকরণ গণতন্ত্রকে দুর্বল করছে। দুর্নীতি আমাদের সমাজ জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা সমাজ থেকে চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি দূর করে একটি শোষণ, বৈষম্যহীন, নীতি ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
মাসুদ সাঈদী আরও যোগ করেন, “আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। ৫ আগস্টের বিজয় আমাদের পথ দেখিয়েছে। এখন প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সেই পথ ধরে এগিয়ে গিয়ে একটি প্রকৃত বৈষম্যহীন কল্যাণময় বাংলাদেশ গড়ে তোলা। বিজয়কে অর্থবহ করতে হলে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি দেশ রেখে যেতে হবে, যেখানে তারা গৌরবের সঙ্গে বলতে পারবে—আমরা আমাদের স্বাধীনতা এবং বিজয়ের প্রকৃত অর্থ বুঝতে পেরেছি এবং সেটিকে রক্ষা করতে পেরেছি।”













