মাদক,সন্ত্রাস ও নৈরাজ্য থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার প্রতি উৎসাহ*এ আর মামুন
- আপডেট সময় : ০৬:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের খেলাধুলামুখী করে গড়ে তুলতে হবে।
আজ মঙ্গলবার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী পিজিএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-এর মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান।
এ সময় তিনি বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের পথ থেকে ফিরিয়ে এনে খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। ক্রীড়াঙ্গন এমন এক শক্তি যা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে।”
টুর্নামেন্টের ফাইনাল খেলায় মঠবাড়িয়া উপজেলা বিএনপির উপজেলা যুগ্ম আহবায়ক অহিদুজ্জান মিল্টন সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী এছাড়াও স্থানীয় ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত থাকবে যাতে করে যুব সমাজের মাঝে গঠনমূলক প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়।
খেলার শেষাংশে বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।













