মঠবাড়িয়ায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে র’ক্তক্ষয়ী সং’ঘর্ষ, নারীসহ আহত-৩
- আপডেট সময় : ০৩:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নাগ্রাভাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘটিত এক রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক নারী ভুক্তভোগী।
ভুক্তভোগী খাদিজা আক্তার (৩৮) মঠবাড়িয়া থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, গত ৮ জুন ২০২৫, শনিবার বিকেল আনুমানিক ৬টা ৩০ মিনিটে তাদের পারিবারিক বাড়ির সামনে রাস্তায় রাখা শুকনো নাড়ার খের হঠাৎ করে আগুনে জ্বালিয়ে দেয় প্রতিবেশী মোঃ শফিকুল খান ও মোঃ কাইয়ুম খান। এ সময় খাদিজার স্বামী ও দেবর বিষয়টি দেখে আগুন নেভাতে গেলে তাদের ওপর প্রথমে কটূক্তি ও পরে অতর্কিত হামলা চালানো হয়।
পরবর্তীতে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা লোকসহ অভিযুক্ত মোঃ কবির খান ও মোঃ ছগির খান দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে হামলায় অংশ নেয়। ধারালো দা, রড ও লাঠিসোটা দিয়ে হামলায় মোঃ হেলাল খান ও মোঃ জাফর খান গুরুতর আহত হন। একপর্যায়ে হামলাকারীরা খাদিজা আক্তারকেও এলোপাতাড়ি মারধর করে এবং তার পরিধেয় পোশাক ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতদের মধ্যে হেলাল খান ও জাফর খানকে আশঙ্কাজনক অবস্থায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খাদিজা আক্তার স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হলেও প্রতিকার না পেয়ে খাদিজা আক্তার ১১ জুন থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এজাহারে পাঁচজনের নাম উল্লেখ করে আরও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।













