মঠবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নি’হত ১
- আপডেট সময় : ০১:২২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় মুবিন (২৩) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার নিউ মার্কেট প্রিন্স হোটেলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মুবিন মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নে। আহত অপর যুবক তামিম শামীম (২৩), ৮ নম্বর ওয়ার্ড সবুজ নগর মহল্লার বাসিন্দা মো: হুমায়ুনের ছেলে। উভয় পক্ষ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম মৃধার অনুসারী বলে জানা গেছে।
জানা গেছে, বুধবার দিবাগত রাতে মঠবাড়িয়া পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের নিউ মার্কেট প্রিন্স হোটেলের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১০ থেকে ১২ জন ছাত্রদল কর্মী একটি মুঠোফোনের মালিকানা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ছাত্রদল কর্মী রনি (২০), ফাহাদ (১৮), তানজিল (১৮) সহ ৬ থেকে ৭ জন মিলে অপর কর্মী মঠবাড়িয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড এলাকার মো. হুমায়ুনের ছেলে শামীম (২৩) এবং ৭ নম্বর ওয়ার্ড এলাকার মো. মহারাজের ছেলে মো. মুবিনকে (২৩) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মুবিনের মৃত্যু হয়।
ঘটনার পর থেকে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। গ্রেফতারে অভিযান চলছে।’
বিষয়সমূহ













