মঠবাড়িয়ার বড় মাছুয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কমিটি গঠন নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা প্রচার
- আপডেট সময় : ০৬:০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১ নং বড় মাছুয়া ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ড কমিটি গঠন নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে। গত ১৬ জুলাই তৃনমূলের বাছাইকৃত সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে ৯ ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়।
কমিটিতে নিজেদের পক্ষের লোক নির্বাচিত না হওয়ায় বড় মাছুয়া ইউনিয়ন বিএনপির স্বেচ্ছায় পদত্যাগ করা সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেন। তারই ধারাবাহিকতায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বরাবর লিখিত অভিযোগ দিয়ে উক্ত কমিটিকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছেন।
এব্যাপারে বড় মাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মহিব্বুল্লাহ রফিক জানান, বিএনপির সদস্য ফরম পূরণ করে সেই ফরম যাচাই-বাছাই করে সর্ব সম্মতিক্রমে প্রতি ওয়ার্ডে ১০০ জনের তালিকা প্রস্তুত করা হয়। উক্ত তালিকার বিরুদ্ধে সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মাত্র দু’জনের সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ তোলেন।
বিষয়টি বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলার বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক রওনাকুল ইসলাম টিপুর সম্মুখে শুনানী শেষে অভিযুক্ত দুইজনের নাম কর্তন করিয়া উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে তিনি নিজ হাতে নতুন দু’জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেন।অতএব সম্মেলন হওয়ার পর এই অভিযোগ তোলা ভিত্তিহীন।
বড় মাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সওগাতুল আলম সগীর খান বলেন, যাচাই-বাছাই শেষে বার বার অভিযোগ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কাউন্সিলদের সরাসরি ভোটের মাধ্যমে কমিটি গঠনের পর অভিযোগ তোলা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার সামিল। এটা টিম ও জেলা নেতৃবৃন্দকে বিতর্কিত করার চেষ্টা।
বড় মাছুয়া ইউনিয়ন বিএনপির সদস্য হাফিজুর রহমান সুমন বলেন, গত ১৬ জুলাই কাউন্সিলদের সরাসরি ভোটের মাধ্যমে ৯ টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়। এ সময় সম্মেলনের টিম প্রধান পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শামীম মিয়া মৃধা, সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল সহ উপজেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে নিজেদের প্রার্থী হেরে যাওয়ায় এই অভিযোগ হাস্যকর।













