পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মৃত্যু
- আপডেট সময় : ০৬:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ ৩০০ বার পড়া হয়েছে
পিরোজপুরের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৭ ডিসেম্বর) আনুমানিক রাত ৮টা ১০ মিনিটের দিকে খুলনা সিটি মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করে তার চাচাতো ভাইয়ের ছেলে পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার।
জসিম উদ্দিন জানান, গত প্রায় ২০ দিন ধরে শ্বাস-কষ্ট জনিত রোগে ভুগছিলেন তিনি। গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) হঠাৎ তার শ্বাস-কষ্ট বেড়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, করোনার দ্বিতীয় ধাপে তিনি করোনা আক্রান্ত হন। এর পর থেকে তিনি শারীরীকভাবে বেশ অসুস্থ ছিলেন। গত কিছু দিন আগে তার রক্তশূন্যতা দেখা গেলে তাকে ঢাকা থেকে রক্ত দিয়ে আনা হয়।
তিনি জেলা আ’লীগের দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সংগঠনক ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি ও পিরোজপুর মহাকুমা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
মৃত্যু কালে তিনি দুই কন্যা ও স্ত্রী রেখে গেছেন। তিনি গত ২৭ নভেম্বর অনুষ্ঠিত জেলা আ’লীগের সম্মেলনে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার গ্রামের বাড়ি জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের পৈটখালী গ্রামে।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক এহসাম হাওলাদার সহ জেলা-উপজেলার আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন তারা। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
















